দলের নামে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন – ইঞ্জিনিয়ার সোবহান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যারা মানছেন না, দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি ও দখলবাজি করছেন তারা প্রস্তুত থাকুন। তালিকা তৈরি হচ্ছে। তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে দলের পরিচয়ে কোনো চাঁদাবাজ ও দখলবাজদের ছাড় দেওয়া হবে না।
দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে ধরিয়ে দিন। নতুবা আমাকে টেলিফোনে জানাবেন, আমি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করবো।
কথাগুলো বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
আজ মঙ্গলবার (১০ জুন) বিকেলে গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তুরের জনতার কাছে ঈদ পরবর্তী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের যে সম্ভ্রাব্য রোডম্যাপ ঘোষণা করেছেন, সে বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এতে জাতির প্রত্যাশা পূরন হয়নি।
নানা কারণে এর যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি বিবেচনা করে জনগনের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন।
তিনি আরো বলেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে। তবে সেটা করতে হবে নির্বাচিত সরকারকে। সংস্কার হতে হবে মানুষের চিন্তা-চেতনা থেকে।
একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের স্বীকার হয়ে কারাভোগ করা কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, দেশে এখনও ক্লান্তিকাল চলছে। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। তাই নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে সবাইকে তারেক রহমানের যেকোন নির্দেশ শতভাগ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন,
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাহবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন সরদার,
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল হক শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
সভায় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































